শংকরপুর ইউনিয়ন একাদশের জয়
শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় ম্যাচ সম্পন্ন
- আপডেট সময় : ১১:১৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১২ বার পঠিত

যশোরের ঝিকরগাছায় বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে নির্বাসখোলা ইউনিয়ন একাদশকে ৩-১ গোলে পরাজিত করেছে শংকরপুর ইউনিয়ন একাদশ।
স্থানীয় ক্রীড়া সংগঠন স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। শুরু থেকেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি জমে ওঠে। গ্যালারিভর্তি দর্শকের উৎসাহ-উদ্দীপনায় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। প্রথমার্ধের ৩৫ মিনিটে শংকরপুর ইউনিয়ন একাদশের ১১ নম্বর জার্সিধারী মিডফিল্ডার জিতু দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে নির্বাসখোলা ইউনিয়ন একাদশের ১২ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আবিদ হোসেন চমৎকার এক গোল করে ম্যাচে সমতা ফেরান।
সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ আবার নিজেদের হাতে তুলে নেয় শংকরপুর ইউনিয়ন একাদশ। ধারাবাহিক আক্রমণের একপর্যায়ে শরাফাত হোসেন জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন। নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশির সঙ্গে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শংকরপুর ইউনিয়ন একাদশ। ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে বিজয়ী দলের শরাফাত হোসেন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ। এ ছাড়া শংকরপুর ও নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।
আয়োজকরা জানান, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ মোট ১২টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ইকরামুল হক ইকু। তাঁকে সহায়তা করেন সহকারী রেফারি হাবিবুর রহমান, মিজানুর রহমান ও বশির আহমেদ। ধারাভাষ্য দেন সিরাজুল ইসলাম বাঙালি, ব্রাজিল ইসলাম বাঙালি ও নাজমুল ইসলাম। আগামী শুক্রবার একই মাঠে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে শিমুলিয়া ইউনিয়ন একাদশ ও গদখালী ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।





















