শার্শায় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালক আটক
- আপডেট সময় : ১১:৪৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৫৭ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় ট্রাকের ধাক্কায় আবু সাঈদ (২৮) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের ধাওয়ায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া গ্রামের জনসেবা ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পূর্বকোটা গ্রামের তাহাজ্জত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু সাঈদ খালি ভ্যান নিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া জনসেবা ক্লিনিকের সামনে পৌঁছালে আকিজ সিমেন্ট কোম্পানির একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ভ্যানসহ সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটির পিছু ধাওয়া করে চালক মাসুদুর রহমানকে আটক করেন এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক মাসুদুর রহমান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার যাওডুবি গ্রামের কালু বেপারীর ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।


























