শার্শায় ডিবির অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ১
- আপডেট সময় : ০৯:২৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
- / ৬১ বার পঠিত

যশোরের শার্শা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ বোতল নেশাজাতীয় সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি হাবিবুর রহমান (৪২)। তিনি বেনাপোল পোর্ট থানার খলসী গ্রামের রমজান আলীর ছেলে।
মঙ্গলবার (৭ জুলাই) জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল শার্শা উপজেলার জামতলা বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মহিষাকুড়া দক্ষিণপাড়া এলাকার আলামিনের মাছের খামারের মোটরঘরের সামনে কয়েকজন মাদক কারবারি অবস্থান করছে।
খবর পেয়ে ডিবি পুলিশের সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক হাবিবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।























