শার্শায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু
- আপডেট সময় : ০৮:৩৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে আধুনিক, টেকসই ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে যশোরের শার্শায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসডব্লিউএম, ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দীপক কুমার সাহা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুরাইয়া পারভীনসহ কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে নানা ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। অনিয়মিত বৃষ্টিপাত, খরা, অতিরিক্ত তাপমাত্রা ও পানির সংকট কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলা এবং পানি ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
মেলায় বিভিন্ন ধরনের আধুনিক কৃষি প্রযুক্তি, জলবায়ু সহনশীল ফসল ও কৃষি উপকরণ প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়া এবং টেকসই কৃষি উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।
আয়োজকরা জানান, এ ধরনের মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



















