শার্শায় যুবদল নেতা শহিদকে অব্যাহতির প্রতিবাদে সড়ক অবরোধ
- আপডেট সময় : ০৩:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পঠিত

যশোরের শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষ। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে তারা অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শার্শা উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, গত ১০ আগস্ট ২০২৬ তারিখে কেন্দ্রীয় যুবদল শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদকে দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়। এর প্রতিবাদেই শনিবারের এই কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক শহীদ আলীসহ যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ। কর্মসূচিতে শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা শহিদুল ইসলাম শহিদের অব্যাহতির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
এদিকে, প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান ও বিক্ষোভের কারণে সংশ্লিষ্ট সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে নেতাকর্মীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
























