জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোলে বিএনপির বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময় : ১০:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ২৩ বার পঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করেছে পৌর বিএনপি ও স্থানীয় ছাত্র-জনতা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে বেনাপোল পৌর বিএনপি ও স্থানীয় ছাত্র-জনতার যৌথ উদ্যোগে র্যালিটি বেনাপোল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নূর শপিং কমপ্লেক্সের সামনে পথসভায় গিয়ে শেষ হয়। কর্মসূচিতে নেতৃত্ব ও সঞ্চালনা করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত।
সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নি এবং যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মুফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানুষের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখেই এ আয়োজন।
পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন, ন্যায়বিচার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আন্দোলন অব্যাহত থাকবে। তারা বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।
কর্মসূচিতে বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, নাসিমুল গনি বল্টু, সাংগঠনিক সম্পাদক আহাদ আলী, বিএনপি নেতা ইছাহক মেম্বার, রফিকুল ইসলাম, ইয়ার আলী, সবুর হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় ছাত্র-জনতা অংশ নেন।
























