অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় পৌছেছেন অর্থমন্ত্রী আমীর খসরু
- আপডেট সময় : ০৯:২৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৪৯ বার পঠিত

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া পৌঁছেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বাধীন বাংলাদেশ প্রতিনিধিদল।
দক্ষিণ কোরিয়া সফরে বাংলাদেশ প্রতিনিধিদল দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেবে। সফরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, আধুনিক উৎপাদন শিল্প, জাহাজ নির্মাণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
এ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন, পারস্পরিক বিনিয়োগ এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসাদ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী।
সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়া সরকারের উচ্চপর্যায়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবে। এসব বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরি এবং শিল্প খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা ও শিল্প সক্ষমতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরিতে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।




















