বিশেষ পুরস্কারে ভূষিত শার্শা থানার এসআই আশীষ ও কনস্টেবল ফজলুল হক
- আপডেট সময় : ১১:১৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / ৪১ বার পঠিত

মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় যশোরের শার্শা থানার সেকেন্ড অফিসার এসআই আশীষ সরকার ও কনস্টেবল ফজলুল হক (ফজলু) বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।
গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে যশোর জেলা পুলিশ লাইনসে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন।
জানা যায়, গত জুন মাসের শেষ দিকে এসআই আশীষ সরকার শার্শা থানায় সেকেন্ড অফিসার হিসেবে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধসহ অপরাধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি। এর আগে জুলাই মাসেও তাঁর সার্বিক কর্মদক্ষতা ও পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। ধারাবাহিক কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে আবারও এ পুরস্কার অর্জন করলেন।
অন্যদিকে, কনস্টেবল ফজলুল হক (ফজলু) দীর্ঘদিন ধরে থানার বিভিন্ন অভিযানে অফিসারদের সহযোগী ফোর্স হিসেবে নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সহকর্মী পুলিশ কর্মকর্তাদের কাছেও তিনি একজন নির্ভরযোগ্য ও কর্মঠ সদস্য হিসেবে পরিচিত।
পুলিশের দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারত্ব ও আন্তরিকতার স্বীকৃতি হিসেবে তাঁদের এ পুরস্কার শার্শা থানা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


























