চালক আটক
বেনাপোলে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় শিশু শিক্ষার্থী আহত
- আপডেট সময় : ০২:৪৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

যশোরের বেনাপোলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুটির নাম ইনামুল হাসান বিন নূর। সে ইনামুল হাসান বিন নূর প্রি-ক্যাডেট অ্যান্ড মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।
স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা থেকে বেনাপোলগামী গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক বাবুল মিদ্দাকে আটক করেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানার সামনে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর জানান, আটক চালকের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এদিকে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিশু শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হওয়ায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। ব্যস্ত সড়কে যানবাহন চলাচলের ক্ষেত্রে চালকদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি শিশুদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।


























