ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে বিএনপির লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০৫:০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রাম মহানগরীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দলটির ঘোষিত ধারাবাহিক সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে নগরীর প্রবর্তক মোড় থেকে পাঁচলাইশ পর্যন্ত বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ এরশাদুল্লাহ, সংসদ সদস্য সাঈদ আল নোমান, বিএনপির কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক আশাদুল করিম শাহিন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আওয়ালসহ চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম জেলা ও মহানগর ড্যাবের নেতারা।
এ সময় বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি। শুধু সরকার বা স্থানীয় প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। প্রত্যেক নাগরিককে নিজের বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজনন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত সতর্কতা ও সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
উল্লেখ্য, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিএনপির ঘোষিত ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের প্রচার কার্যক্রম পরিচালিত হচ্ছে।




















