শ্যামাপূজায় বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
- আপডেট সময় : ১২:৪৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে এক দিনের জন্য বন্ধ রয়েছে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকলেও আন্তর্জাতিক পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।
বেনাপোল বন্দর সূত্রে জানা গেছে, ভারতের পেট্রাপোল বন্দরের ব্যবসায়ীরা উৎসব উপলক্ষে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড ও খালাস কার্যক্রম চালু রয়েছে। খালাস শেষে ভারতীয় ট্রাকগুলোকে ফেরত পাঠাতে চেকপোস্টের কার্গো শাখাও খোলা রাখা হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে সোমবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, দীপাবলি উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আগেই চিঠির মাধ্যমে বেনাপোলের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল।
আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুই বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিক হওয়ার কথা রয়েছে।























