আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৮:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৭ বার পঠিত

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রেজা খান উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে ও শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সোমাবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ জানায়, চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতাকর্মী বিভিন্ন এলাকায় নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে।
এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেফতার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।























