আদমদীঘিতে পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড আশরাফুলকে বিদায় সংবর্ধনা
- আপডেট সময় : ০৬:৫৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৪ বার পঠিত

পদোন্নতিজনিত কারণে বগুড়ার আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ছয় মাস ১৬ দিন দায়িত্ব পালন শেষে গতকাল সোমবার ছিল তাঁর আদমদীঘিতে শেষ কর্মদিবস।
এ উপলক্ষে আদমদীঘি অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম। এছাড়া উপজেলা ভূমি অফিস ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর আশরাফুল ইসলামসহ ৬৮ কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়। এর আগে তিনি নাটোরের বড়াইগ্রাম ও পঞ্চগড়ের বোদা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। ৩৮তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তা গত ২৪ মার্চ সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পান। তাঁর বাড়ি টাঙ্গাইল জেলায়। চলতি বছরের ২৩ এপ্রিল তিনি আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
আদমদীঘিতে দায়িত্ব পালনকালে ভূমিসেবার মান উন্নয়ন, স্বচ্ছতা নিশ্চিতকরণ ও জনভোগান্তি কমাতে নানা উদ্যোগ গ্রহণ করেন আশরাফুল ইসলাম। তাঁর উদ্যোগে দালালমুক্ত পরিবেশে ভূমিসেবা প্রদান, দ্রুত নামজারি ও মিসকেস নিষ্পত্তিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অগ্রগতি আসে। এতে সেবাপ্রত্যাশী ও দলিল লেখকদের মধ্যে তাঁর কর্মকাণ্ড প্রশংসিত হয়।
ভূমিসেবার পাশাপাশি ভূমি অফিসের অবকাঠামোগত উন্নয়নেও ভূমিকা রাখেন তিনি। তাঁর উদ্যোগে জরাজীর্ণ কক্ষ সংস্কার, কার্যালয়ের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ প্রধান ফটক পুনর্নির্মাণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি।
অন্যদিকে, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনকালে নাগরিকত্ব, চারিত্রিক ও ওয়ারিশ সনদ প্রদান এবং জন্ম-মৃত্যু নিবন্ধনসহ বিভিন্ন নাগরিক সেবা সহজ ও দ্রুত করার উদ্যোগ নেন। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতার কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও খাল সংস্কারের মাধ্যমে পানি নিষ্কাশন সচল রাখতেও কাজ করেন।
এছাড়া ইউনিয়ন পরিষদ এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে ইন্ডাস্ট্রিয়াল ডাস্টবিন স্থাপন, পরিষদের দীর্ঘদিনের বেদখল জায়গা উদ্ধার এবং জরাজীর্ণ কক্ষ সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেন।
দায়িত্ব পালনকালে তাঁর নেওয়া এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সেবাপ্রত্যাশী ও উপজেলাবাসী। বিদায় সংবর্ধনায় বক্তারা তাঁর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন।
























