তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৮:২৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তালিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে তুরস্কের ইস্তাম্বুলে দুই ঘণ্টার বিরতি শেষে টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান তিনি।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে।
এসব বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।

























