মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্ন করলেন স্বামী!
- আপডেট সময় : ১১:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- / ৫৮ বার পঠিত

যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রী তিথীর (৩০) বাম হাতের কব্জি ধারালো দা দিয়ে কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামী বিল্লালের (৪০) বিরুদ্ধে। রোববার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে ভাড়া বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।
আহত তিথী ও তাঁর স্বামী বিল্লাল চাঁচড়া ডাল মিল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লালের বাড়ি নড়াইল জেলার মিরাপাড়া এলাকায়। তাঁর বাবার নাম মৃত পাঞ্জমিনা।
প্রাপ্ত তথ্যমতে, ঘটনার রাতে তিথী তাঁর মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিল্লাল স্ত্রীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে বাম হাতের কব্জিতে ধারালো দা দিয়ে কোপ দেন। এতে তাঁর কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।
পরে অভিযুক্ত স্বামী নিজেই রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে আহত স্ত্রীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দেন। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি ও আঘাতের গুরুতর বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে স্বামী ও তাঁর মা আহত তিথীকে নিয়ে অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশে রওনা হন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


























