মণিরামপুরের আলোচিত হত্যা মামলায় দু’আসামী আটক
- আপডেট সময় : ১১:২৪:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / ৬০ বার পঠিত

যশোরের মণিরামপুর উপজেলার শরমপুর গ্রামে নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় রাজমিস্ত্রি ইমামুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব-৬, যশোরের সদস্যরা।
বুধবার দিবাগত রাত ১২টার পর যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার রজনীগন্ধা তেলের পাম সংলগ্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের রাব্বি ও রাকিব। নিহত ইমামুল হোসেন ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের মৃত রহিম সরদারের ছেলে।
র্যাব-৬ যশোর কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, হত্যাকাণ্ডের পর আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তারা সায়রা পরিবহনের একটি বাসে করে যশোরে ফিরছেন। পরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
উল্লেখ্য, গত ৯ জুন রাত ৯টার দিকে মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের শরমপুর গ্রামে ইমামুল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের স্বজনদের অভিযোগ, নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে স্থানীয় কয়েক যুবকের সঙ্গে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।
হামলার পর গুরুতর আহত অবস্থায় ইমামুল হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মণিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। আটক দুই আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।




















