ভুয়া ওয়ার্ক অর্ডারে ২১ লাখ টাকার পণ্য লুট, যশোরে দম্পতি গ্রেফতার
- আপডেট সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- / ১৫ বার পঠিত

ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করে ২১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল আত্মসাতের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অভিযানে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন মোবাইল ফোন, সিমকার্ড, পকেট রাউটার, মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। গ্রেফতার খালেক সরকারের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় নয়টি মামলা রয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন পাবনার চাটমোহর উপজেলার দোদারিয়া গ্রামের খালেক সরকার (৩৩) ও তাঁর স্ত্রী খুলনার সোনাডাঙ্গা এলাকার নীলা খাতুন (৩৬)।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর প্রতারক চক্রের এক সদস্য নিজেকে ঢাকার মহাখালীর প্যারাগন ফিড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পরিচয় দিয়ে গাজীপুরের ফারাজ ট্রেড ইন্টারন্যাশনালের কাছে ৬০০ বস্তা পশুখাদ্যের কাঁচামাল অর্ডার করেন। যার বাজারমূল্য ছিল প্রায় ২১ লাখ ৫০ হাজার টাকা। ২৩ অক্টোবর পণ্যগুলো যশোরের কোতোয়ালি থানার বসুন্দিয়া-জঙ্গলবাঁধাল এলাকায় প্যারাগন ফিডের নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা ছিল।
কিন্তু নির্ধারিত স্থানে পণ্য পৌঁছানোর আগেই প্রতারক চক্রের সদস্যরা নিজেদের প্যারাগন ফিডের কর্মচারী পরিচয় দিয়ে শানতলা পেপসি গেট এলাকায় গাড়িচালকের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের দেওয়া ভুয়া ওয়ার্ক অর্ডার ও পরিচয়ের ফাঁদে পড়ে ৬০০ বস্তা পণ্য নছিমনে নামিয়ে দেওয়া হয়। পরে পণ্যগুলো নির্ধারিত স্থানে না পৌঁছালে প্রতারণার বিষয়টি সামনে আসে।
প্রাথমিক অভিযোগে বলা হয়, প্যারাগন ফিডের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের মোবাইল নম্বর ক্লোন অথবা তাঁর পরিচয় ও যোগাযোগের তথ্য জালিয়াতি করে ভুয়া ওয়ার্ক অর্ডার তৈরি করা হয়েছিল। ওই ওয়ার্ক অর্ডারে ‘এমডি খালেক সরকার’ নামে ডাচ্-বাংলা ব্যাংকের একটি হিসাবও উল্লেখ ছিল।
ঘটনার তদন্তে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নিঃ) দেবব্রত ঘোষের নেতৃত্বে একটি দল ২৭ নভেম্বর রাত ১২টা ৫ মিনিটে খুলনার খানজাহান আলী থানার মিরপাড়া জিনাতলা গ্রামের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে খালেক সরকার ও তাঁর স্ত্রী নীলা খাতুনকে গ্রেফতার করে।
এ সময় তাঁদের হেফাজত থেকে একটি জিপি সিম সংযুক্ত পকেট রাউটার, দুটি এয়ারটেল ও চারটি রবি সিমকার্ড, একটি অপো এ৬ ও একটি রেডমি এ৭ প্রো মোবাইল ফোন এবং একটি নেভি ব্লু রঙের সুজুকি জিক্সার ২৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
পরে খালেক সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর সাড়ে ৫টায় যশোর শহরের নতুন উপশহর এলাকায় তাঁর ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে একটি ভিভো ওয়াই৫০ই, একটি সিম্ফনি ম্যাক্স ১০ মডেলের মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা জব্দ করে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা ডিভাইস ও সিমকার্ড প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে এবং মোটরসাইকেলটি প্রতারণালব্ধ অর্থ দিয়ে কেনা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও প্রতারণার পুরো চক্রের কার্যক্রম উদ্ঘাটনে তদন্ত চলছে।




















