গোপালগঞ্জে নারী আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:৪৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ৪৯ বার পঠিত

গোপালগঞ্জে এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে বিচারক কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত করার অভিযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে যশোর জেলা জজ আদালত প্রাঙ্গণে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা গোপালগঞ্জের ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত বিচারকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে আইনজীবীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং আদালতে সম্মানজনক কর্মপরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই কোনো আইনজীবীর সঙ্গে অশোভন আচরণ বা শারীরিক লাঞ্ছনার ঘটনা বিচারাঙ্গনের মর্যাদাকে ক্ষুণ্ন করে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।
প্রতিবাদ কর্মসূচিতে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম পান্নু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মৌলুহদা পারভীন, সাবেক সভাপতি কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, অ্যাডভোকেট শামসুন নাহার কণা, অ্যাডভোকেট ইমরান হোসেনসহ জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।























