যশোরে নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / ৩২ বার পঠিত

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা-পুলিশ। রোববার রাতে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফারুক হোসেন বাঘারপাড়া উপজেলার রায়পুর গ্রামের মতলেব হোসেনের ছেলে। সোমবার তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (নিরস্ত্র) রাইসুল ইসলাম জানান, ২০২৪ সালের ১৮ নভেম্বর বিকেলে যশোর-চুকনগর সড়কের কানাইতলা এলাকায় একদল ব্যক্তি দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, হাতবোমা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়ে নাশকতার চেষ্টা করে। এ সময় চলাচলরত যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এতে বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকটি হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। এ ঘটনায় পরে নাশকতার মামলা করা হয়।
উপপরিদর্শক রাইসুল ইসলাম আরও জানান, মামলাটির প্রাথমিক তদন্তে ফারুক হোসেনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
























