নানা আয়োজনে ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৮:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
- / ২৩ বার পঠিত

উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরের বেনাপোলে সামাজিক সংগঠন ‘সৃজনশিখা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় বেনাপোল বিয়ে বাড়ি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোস্তাফিজ্জোহা সেলিম। সংগঠনের সভাপতি নাজমুল হুসাইন জয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মারুফ হোসেন আবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা সত্যজিৎ দত্ত। শুভেচ্ছা বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাসুদুর রহমান, সাংবাদিক আনিছুর রহমান, আজিজুল হক ও মিলন হোসেনসহ স্থানীয় গুণীজনেরা।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, ‘সৃজনশিখার মতো সামাজিক সংগঠনের মাধ্যমে আমাদের সমাজব্যবস্থা সামনের দিকে এগিয়ে যাবে। নগর পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণসহ নানামুখী মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই সংগঠনটি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’
তিনি আরও বলেন, ‘আজ বেনাপোলে কাজ শুরু হলেও ভবিষ্যতে সৃজনশিখা সারা বাংলাদেশে তার আলোর দ্যুতি ছড়িয়ে দেবে বলে আমরা প্রত্যাশা করি।’
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৃজনশিখার সদস্যদের পাশাপাশি স্থানীয় শিল্পীরা সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।















