বর্ণাঢ্য আয়োজনে বাঘারপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
- আপডেট সময় : ০১:৪৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ২২ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য ‘হাত ধোয়ার নায়ক হোন’। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাঘারপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বাঘারপাড়া উপজেলার শিশু কলি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অন্তরা সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হলো, সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ নানা সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব।
এ ধরনের কর্মসূচির মাধ্যমে শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সবাইকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
























