যশোর বার্তার মফস্বল সাংবাদিক ফোরামের বর্ষপূতি উদযাপন
- আপডেট সময় : ০৬:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ২৯ বার পঠিত

উৎসব, আনন্দ আর পেশাগত ঐক্যের দৃঢ় প্রত্যয়ে জমকালো আয়োজনে যশোরে উদযাপিত হয়েছে ‘দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘দৈনিক যশোর বার্তা’ পরিবারের বিশেষ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
রোববার যশোরের এলজিইডির কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা সভা, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, কেক কাটা ও সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বিনিময়। সুসজ্জিত মিলনায়তনে যশোর ও পার্শ্ববর্তী অঞ্চলের বিপুলসংখ্যক মফস্বল সাংবাদিকের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে উৎসবমুখর।
সংগঠনের সভাপতি কে এম ইদ্রিস আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যশোর বার্তার প্রকাশক ও সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন।
সাংবাদিকতায় স্বকীয়তা, বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরে অধ্যক্ষ শিহাব উদ্দীন বলেন, “সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রাখতে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। মফস্বল সাংবাদিকরাই তৃণমূলের আসল আয়না। তাই সব প্রতিকূলতা পেরিয়ে সততা ও দক্ষতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।”
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন আয়োজকরা। পরে অতিথি ও সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণমাধ্যমে মফস্বল সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা, স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও নানা অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরতে মফস্বল সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অথচ অনেক ক্ষেত্রেই তারা পেশাগত নিরাপত্তা, সামাজিক সম্মান ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। এসব সমস্যা মোকাবিলায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় সংগঠনের সার্বিক অগ্রগতি ও সাংবাদিকদের অধিকার নিয়ে বক্তব্য দেন দৈনিক যশোর বার্তার সম্পাদকমণ্ডলীর সভাপতি সাইফুল ইসলাম, জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামউদ্দিন অমিত, যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমেদ, সিনিয়র সাংবাদিক আব্দুস সাত্তার কিনে, মোল্লা অবায়দুর রহমান, নওয়াব আলী, শ ম কামাল হোসেন, মহব্বত আলী, কবি সাইফুদ্দিন সাইফুল, মোহাম্মদ সাহিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক যশোর বার্তার প্রধান প্রতিবেদক কল্যান রায় জয়ন্ত, প্রধান ফটো সাংবাদিক সানোয়ার আলম সানু, বিজ্ঞাপন ম্যানেজার শেখ সোহরাব হোসেন, বিশেষ প্রতিবেদক উত্তম কুমার শীল, সুমন রেজা, কাজী হাবিবুর রহমান, রফিকুল ইসলাম সবুজ, আলমগীর কবির, মাহমুদুল হাসান, মহব্বত আলী, সোহেল রানা, তরিকুল ইসলাম, এনামুল কবির, শিমুল হোসেন, আজিজুর রহমান, ইয়াছিন আরাফাত পিন্টু, সোহাগ হোসেন, মহিউদ্দীন বাপ্পী, লেন্টু হোসেন, ইন্তাজ আলী, সাইফুল আজম খান, শেখ মামুনুর রশীদ, জুম্মান হোসেন, আতিকুজ্জামান রিমু, পলাশ হোসেন হৃদয়, শ্যামল দত্তসহ স্থানীয় বিপুলসংখ্যক সাংবাদিক ও প্রতিনিধিগণ।
দিনব্যাপী আয়োজনে সিনিয়র-জুনিয়র সাংবাদিকদের মধ্যে কুশল ও শুভেচ্ছা বিনিময় এবং পেশাগত নানা বিষয়ে মতবিনিময় হয়। পারস্পরিক সহযোগিতা, পেশাগত ঐক্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় ‘দৈনিক যশোর বার্তা মফস্বল সাংবাদিক ফোরাম’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দময় ও স্মৃতিময় আয়োজন।





















