বেনাপোলে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৯:০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩ বার পঠিত

বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর)বিকাল ৪টায় বেনাপোল পৌর গেটে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-১ ও ২ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ। বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেনসহ শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে আয়োজিত আলোচনা সভায় স্থানীয় বিভিন্ন বিষয়, পরিবেশ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, বৃক্ষ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়ায় না, মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় এর ভূমিকা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।
তিনি বলেন, গাছ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহের মাধ্যমে বায়ুর মান উন্নত করতে সহায়তা করে। একই সঙ্গে গাছ মাটির ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ, অতিরিক্ত তাপমাত্রার প্রভাব কমানো এবং বৃষ্টির পানি ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না—রোপণ করা প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য বাস্তবায়নে সরকার দেশের বিভিন্ন এলাকায় উপযুক্ত প্রজাতির গাছ লাগানোর পাশাপাশি রোপিত চারার পরিচর্যা ও বেঁচে থাকার হার পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে।
তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। পরিবেশ রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সরকারের ঘোষিত কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাকে এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।




















