জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষনা
সাতক্ষীরায় পৌর ও সদর উপজেলা যুবদলের আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৭:৩৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পঠিত

সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণা হওয়ায় শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় আনন্দ মিছিল করেছে পৌর ও সদর উপজেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা পৌর যুবদলের আহ্বায়ক আলী শাহিন ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের নেতৃত্বে শহরের সঙ্গীতা মোড় থেকে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিলটি বের হয়। এ সময় নেতাকর্মীদের স্লোগানে শহরের রাজপথ মুখর হয়ে ওঠে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাওয়া চায়নিজ রেস্টুরেন্টের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কল্লোল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক কাজী রাসিউল করিম রোমান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন রহমান, যুবনেতা আরিফ, সোহাগ ও রমসেদসহ পৌর ও সদর উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
























