শার্শায় বিষ্ফোরক আইনে আওয়ামী লীগের সক্রিয় কর্মী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- / ১৭ বার পঠিত

যশোরের শার্শায় বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে মো. আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল আজিজ দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত শেফাতুল্লাহর ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও ক্যাডার। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অবৈধ মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার এফআইআর নম্বর ২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ৩০২-এর মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় তদন্ত চলমান রয়েছে। ওই মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার ও এসআই সবুজ গাজী সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করেন। পরে বুধবার তাঁকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, মামলার তদন্তের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ করে কেউ পার পাবে না।
পুলিশ জানিয়েছে, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।























