নড়াইলে দলিল লেখকদের আস্থার জায়গাটা অটুট রাখতে চাই- সজল
- আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- / ৭ বার পঠিত

আসন্ন নড়াইল দলিল লেখক বহুমুখী সমবায় সমিতি লিঃ এর নির্বাচন উপলক্ষ্যে সকল দলিল লেখক ও প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ অক্টোবর নড়াইল সাবরেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেয়ার মার্কার সভাপতি প্রার্থী সাজ্জাদ আলম খান সজল বক্তব্য প্রদানকালে দলিল লেখকদের সার্বক্ষণিক পাশে থেকে সমিতিকে সকলের বিশ্বাস ও আস্থার জায়গা হিসেবে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময়ে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মশিয়ার রহমান ও শেখ শাহিনুর রহমান, সহ-সভাপতি প্রার্থী ফিরোজ খান ও মহম্মদ আলী খান, সম্পাদক প্রার্থী আরমান আলী খান ও রফিকুল ইসলাম এবং সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ টিটো, কাজী তুহিনুর আলম, আঃ রহিম শেখ, সাইফুল ইসলামসহ সকল ভোটার সদস্য দলিল লেখকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে সাজ্জাদ আলম খান সজল আরও বলেন, বিগত দিনে দেখেছি নির্বাচিতরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন সমিতির আর্থ-সামাজিক উন্নয়ন ও সাংবিধানিক অবকাঠামোকে সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। কিন্তু সেখানে আমরা কি দেখতে পেয়েছি!
সঞ্চয়ের টাকার হিসাব নাই, সেড গৃহের টাকার হিসাব নাই, শেয়ারের টাকার হিসাব নাই, বিবিধ টাকার হিসাব নাই, নকল খাতের টাকার হিসাব নাই, পক্ষান্তরে একজন সভ্যের ৩০ খানা দলিলের সঞ্চয়ের টাকা জমা হলে তার ৮-১০ খানার হিসাব পাওয়া যায় না। যে সমিতির প্রতিনিধিরা সঠিক সঞ্চয় আদায় ও সংরক্ষণ করতে ব্যর্থ এবং উদাসীন তাহলে তাদের ক্ষমতায় থাকার কি দরকার আছে?
আমি চাই আপনাদের সহযোগিতায় সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা, নিয়ম শৃংখলা ঠিক রাখতে। যেখানে দলিল লেখকদের অবাধ বিচরণ ও আস্থার জায়গাটা অটুট থাকবে।






















