অক্ষয়ের বিপরীতে বলিউডে রুক্মিণী, নতুন অধ্যায়ের শুরু
- আপডেট সময় : ০৭:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৯ বার পঠিত

টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডের বড় পর্দায় অভিষেক হতে চলেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের। আর তাঁর বলিউডযাত্রার শুরুতেই জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হয়েছে ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক কনিষ্ক ভার্মার একটি উচ্চাভিলাষী সায়েন্স-ফিকশন চলচ্চিত্রে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন রুক্মিণী। ‘সামুক’ নামের এই বড় বাজেটের সিনেমাটিতে অ্যাকশনের পাশাপাশি থাকবে তীব্র আবেগের গল্প। আর এমন একটি চরিত্রের জন্যই রুক্মিণীকে উপযুক্ত মনে করেছেন নির্মাতারা।
জানা গেছে, ছবিটির শুটিংয়ের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ব্রিটেনের বিভিন্ন লোকেশনে সিনেমাটির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। অক্ষয়ের মতো বলিউডের শীর্ষ অভিনেতার সঙ্গে রুক্মিণীর এই জুটি নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে। এর আগে প্রযোজক বিপুল শাহের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সানশাইন পিকচার্স’-এর ব্যানারে ‘সনক’ সিনেমায় বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে অভিনয় করেছিলেন রুক্মিণী। সেই কাজের সূত্র ধরেই এবার বিপুল শাহের নতুন বড় প্রজেক্টে যুক্ত হওয়ার সুযোগ এসেছে বলে জানা গেছে।
দেবের সঙ্গে কাজ এবং তাঁর প্রযোজনায় একাধিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে টলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন রুক্মিণী। এবার সেই পরিচিত গণ্ডি পেরিয়ে বলিউডে স্বাধীনভাবে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। ‘সামুক’-এ অক্ষয় কুমারের বিপরীতে রুক্মিণীর অভিনয় শেষ পর্যন্ত চূড়ান্ত হলে এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় বাঁক হয়ে উঠতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
























