সম্পর্ক নিয়ে জেবা তাকিয়ার মন্তব্যে বিতর্ক
- আপডেট সময় : ০৯:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
- / ৭ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন মডেল জেবা তাকিয়া। তার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ক্লিপ নতুন করে ভাইরাল হওয়ার পর শোবিজ অঙ্গন ও নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কমবয়সী তরুণীদের বয়সে অনেক বড় পুরুষদের সঙ্গে সম্পর্ক এবং গ্ল্যামার অঙ্গনের কিছু মানুষের বিলাসবহুল জীবনযাপনের পেছনের বাস্তবতা নিয়ে খোলামেলা মন্তব্য করতে দেখা যায় তাকে। জেবা তাকিয়ার ভাষ্য, অনেক ক্ষেত্রে কমবয়সী তরুণীরা নিজের চেয়ে অনেক বেশি বয়স্ক পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়ান আর্থিক সুবিধার কারণে, ভালোবাসার জন্য নয়।
তিনি বলেন, একটি সাধারণ মেয়ের পক্ষে নিজের চেয়ে ২০ থেকে ২৫ বছর বড় কোনো পুরুষের সঙ্গে প্রকৃত ভালোবাসার সম্পর্কে জড়ানো কঠিন। তার মতে, এ ধরনের সম্পর্কের পেছনে অনেক সময় ‘গিভ অ্যান্ড টেক’ বা পারস্পরিক স্বার্থের বিষয়টি কাজ করে। তিনি আরও দাবি করেন, এমন সম্পর্কে ব্যক্তি নয়, বরং ওই ব্যক্তির আর্থিক সামর্থ্যই অনেকের কাছে বেশি গুরুত্ব পায়।
বিলাসবহুল জীবনযাপনের আকাঙ্ক্ষা নিয়েও নিজের মতামত তুলে ধরেন জেবা তাকিয়া। তিনি বলেন, যাদের প্রধান লক্ষ্য যেকোনোভাবে একটি বিলাসী জীবন অর্জন করা, তাদের কেউ কেউ বিত্তবান ও বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। একদল নেটিজেন তার বক্তব্যকে সাহসী ও অকপট বলে প্রশংসা করছেন এবং এর সঙ্গে একমত প্রকাশ করছেন। অন্যদিকে, আরেকটি অংশ তার মন্তব্যকে অতিরঞ্জিত ও সাধারণীকরণ হিসেবে উল্লেখ করে সমালোচনা করছেন।
উল্লেখ্য, ভাইরাল হওয়া ভিডিওটি একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ। এতে প্রকাশিত মতামত জেবা তাকিয়ার ব্যক্তিগত অভিমত।

























