অভয়নগরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- আপডেট সময় : ১০:৫১:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- / ১০ বার পঠিত

যশোরের অভয়নগরে নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সসংক্রান্ত সমস্যার অভিযোগে একটি ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১০ আগস্ট) দিনভর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো, আব্দুল মকিত বিশ্বাস (প্রা.) ক্লিনিক, ফয়সাল ডায়াগনস্টিক, এবি ডয়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার এবং পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্স না থাকায় আব্দুল মকিত বিশ্বাস (প্রা.) ক্লিনিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। লাইসেন্সের মেয়াদ না থাকায় ফয়সাল ডায়াগনস্টিক ও এবি ডয়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া লাইসেন্স দেখাতে না পারা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পপুলার মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দীন দিপুর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সবুজ বিশ্বাস ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের পেশকার মো. খায়রুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
অভিযান শেষে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালানো হয়েছে। বিভিন্ন অনিয়ম ও লাইসেন্সসংক্রান্ত সমস্যার কারণে একটি প্রাইভেট ক্লিনিক ও তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















