অভয়নগরে ৮০ পিস ইয়াবাসহ নারী আটক
- আপডেট সময় : ১০:০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
- / ৩২ বার পঠিত

যশোরের অভয়নগরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আকুঞ্জীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল লিপি বেগমের বসতবাড়ির সামনে সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় নারী পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক লিপি বেগম নওয়াপাড়ার আকুঞ্জীপাড়া এলাকার মৃত সমদে আকনের মেয়ে ও মৃত হিরু মোল্লার স্ত্রী।
পুলিশ সূত্রে জানা গেছে, লিপি বেগম অভয়নগর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় করা মামলায় লিপি বেগমকে মঙ্গলবার (১৮ আগস্ট) আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
























