জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ পুনর্মূল্যায়ন
আজীবন সম্মাননা পাচ্ছেন শবনম
- আপডেট সময় : ০৫:১৫:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / ৮৯ বার পঠিত

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এতে দুটি বিভাগে পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত তালিকা অনুযায়ী আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম এবং চলচ্চিত্র সম্পাদক ফজলে হক।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। তখন আজীবন সম্মাননার জন্য চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও পরিচালক আবদুল লতিফ বাচ্চুর নাম ঘোষণা করা হয়েছিল।
তবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালায় আজীবন সম্মাননার জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনার বিধান থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পাশাপাশি সেরা চিত্রনাট্যসহ কয়েকটি বিভাগে বিচারকদের সুপারিশ যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলেও অভিযোগ ওঠে।
এ পরিস্থিতিতে পুরস্কার তালিকা পুনর্বিবেচনার উদ্যোগ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশোধিত প্রজ্ঞাপন প্রকাশ করে।
নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত নির্মাতা তারেক মাসুদ এবং আবদুল লতিফ বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে। একই সঙ্গে আজীবন সম্মাননা বিভাগে যুক্ত করা হয়েছে অভিনেত্রী ঝর্ণা বসাক শবনম ও চলচ্চিত্র সম্পাদক ফজলে হকের নাম।
এদিকে সেরা চিত্রনাট্য বিভাগেও পরিবর্তন আনা হয়েছে। এর আগে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য নিয়ামুল মুক্তাকে সেরা চিত্রনাট্যকার হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে তিনি নিজেই জানান, ওই চলচ্চিত্রের চিত্রনাট্য তিনি রচনা করেননি। ফলে সংশোধিত তালিকায় তার পরিবর্তে ‘রক্তজবা’ চলচ্চিত্রের জন্য তাসনীমুল হাসানকে সেরা চিত্রনাট্যকার হিসেবে মনোনীত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ দুটি বিভাগ ছাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর অন্য কোনো বিভাগে পরিবর্তন আনা হয়নি।


























