মুকসুদপুরে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২৮:১২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ৭৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ আশরাফ মাতুব্বর (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬।
শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাঁচবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৬-এর সদর কোম্পানির (ভাটিয়াপাড়া ক্যাম্প) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশরাফ মাতুব্বরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর বসতবাড়ির দক্ষিণ পাশে পানির ট্যাংকসংলগ্ন কাঠের লাকড়ির স্তূপের নিচ থেকে তাঁর দেখানো মতে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আশরাফ মাতুব্বরের বিরুদ্ধে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।























