চরম ভোগান্তিতে যাত্রীরা
আন্দোলনের মুখে অবরুদ্ধ দিল্লি মেট্রো
- আপডেট সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২৯ বার পঠিত

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ভারতের রাজধানী দিল্লির ১৭টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রেখেছে দিল্লি মেট্রোরেল করপোরেশন (ডিএমআরসি)। আকস্মিক এ সিদ্ধান্তে বৃহস্পতিবার সকাল থেকেই চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো কর্মজীবী মানুষ ও সাধারণ যাত্রী।
জানা গেছে, দিল্লির জন্তর মন্তর এলাকায় গত দুই মাস ধরে ‘ককরোচ জনতা পার্টি’ নামে একটি সংগঠনের আন্দোলন চলছে। সম্প্রতি আন্দোলনের তীব্রতা বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
এর আগে বুধবার নিরাপত্তার স্বার্থে স্টেশনগুলো প্রায় আট ঘণ্টা বন্ধ রাখার পর পুনরায় চালু করা হয়েছিল। তবে আন্দোলনকারীদের উপস্থিতি ও জনসমাগম বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধ রাখা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় ডিএমআরসি বন্ধ থাকা স্টেশনগুলোর তালিকা প্রকাশ করেছে। স্টেশনগুলো হলো— লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকহাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ এবং শিবাজি স্টেডিয়াম।
মেট্রো চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে যাত্রীদের চাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বিকল্প পরিবহন হিসেবে বাসস্ট্যান্ডগুলোতে দীর্ঘ সারি দেখা গেছে। অনেক যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে ট্যাক্সি ও অ্যাপভিত্তিক ক্যাব ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।
মেট্রো সেবা সাময়িকভাবে বন্ধ থাকায় দিল্লির গণপরিবহন ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ যাত্রীদের দৈনন্দিন যাতায়াতে বড় ধরনের ভোগান্তি ও স্থবিরতা দেখা দিয়েছে।
সূত্র: দ্য উইক

























