আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন
- আপডেট সময় : ১১:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
- / ৩৩ বার পঠিত

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র এবং যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন এবং নির্বাচন কর্মকর্তা মো. মেজর আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার জোয়ার্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি বশিরুল আলম, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মিয়া, বিশিষ্ট গল্পকার পিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং উপজেলা ছাত্র সমন্বয়ক কমিটির আহ্বায়ক আরাফাত রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরাই দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার উৎস। তাদের মেধা, শ্রম, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে বেকারত্ব দূর করার পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ জন্য যুবকদের কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
তারা আরও বলেন, শুধু চাকরির প্রত্যাশী না হয়ে যুবকদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রশিক্ষণ ও সহজ শর্তে যুব ঋণ প্রদানের মাধ্যমে তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব। দেশের প্রতিটি যুবক দক্ষতা অর্জনের সুযোগ পেলে জাতীয় উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে।
অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মধ্যে সনদপত্র এবং যুব উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জাতীয় যুব দিবসের এ আয়োজন যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মনির্ভরশীলতা এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা।


























