আলিপুর ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা
- আপডেট সময় : ০৮:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- / ২৯ বার পঠিত

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগকে দায়ী করে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে সাতক্ষীরায় মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে ৭ নম্বর আলিপুর ইউনিয়ন বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় আলিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সোনালী পেট্রোল পাম্পের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলিপুর বাজারখোলা ও বাদামতলা এলাকায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ হাদিউজ্জামান বাদশা।
সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নুরুজ্জামান পল্টু প্রমুখ।
বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন রাষ্ট্র মেরামতের কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও ঐক্যবদ্ধ হতে হবে।
তাঁরা আরও বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের ঘটনা বরদাশত করা হবে না। যেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে নেতাকর্মীরা রাজপথে থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখবেন।
শোভাযাত্রা চলাকালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পুলিশের একটি মামলার আসামি হিসেবে চিহ্নিত দুজনকে শনাক্ত করে গ্রেপ্তারে সহযোগিতা করেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। পরে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিরা হলেন আলিপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের আলতাফ হোসেন হেলালের ছেলে সীমান্ত কলেজ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান (১৯) এবং একই এলাকার আমবীরের ছেলে মো. মিন্টু (১৮)।
সমাবেশে বক্তারা বলেন, জনমনে ভীতি সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
এ সময় আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতিদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।























