কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৫:০০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২২ বার পঠিত

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পরিবেশ সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্যাভিলিয়নে উপস্থিত যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী প্যাভিলিয়নটি পরিদর্শন করেন। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বাংলাদেশের তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পাটজাত পণ্য ঘুরে দেখেন। প্যাভিলিয়নে ব্যাগ, জুতা, ব্লেজারসহ ১২৯ ধরনের পণ্য প্রদর্শন করা হচ্ছে বলে তাঁকে জানান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
এ সময় প্যাভিলিয়ন পরিদর্শনে আসা যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের পাটজাত পণ্য সম্পর্কে তাঁদের আগ্রহের বিষয়ে জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, এসব পরিবেশবান্ধব পণ্য সম্পর্কে আরও জানতে এবং এ নিয়ে পড়াশোনা করতে তাঁরা আগ্রহী।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর পরিবেশ রক্ষা এবং মানুষের সুস্থ ও সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জানান, বাংলাদেশের পাটজাত পণ্য আন্তর্জাতিক বাজারে সম্ভাবনাময় হয়ে উঠছে। সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা প্যাভিলিয়ন পরিদর্শন করে এসব পণ্যের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের অনেকেই বাংলাদেশ থেকে পণ্য আমদানির আগ্রহ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

























