নতুন কুঁড়ি স্পোর্টসে ফাইনালে শার্শা ও বেনাপোল ইউনিয়ন
- আপডেট সময় : ০৭:৩০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
- / ২৫ বার পঠিত

যশোরের শার্শা উপজেলা পরিষদের আয়োজনে শার্শা উপজেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ ফুটবল প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে শার্শা ইউনিয়ন ও বেনাপোল ইউনিয়ন ফুটবল একাদশ। এর মধ্য দিয়ে দল দুটি ফাইনালে জায়গা করে নিয়েছে।
বিকেল ৩টায় দিনের প্রথম খেলায় ডিহি ইউনিয়ন ফুটবল একাদশের মুখোমুখি হয় শার্শা ইউনিয়ন ফুটবল একাদশ। খেলায় শার্শা ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী হয়ে ফাইনালে ওঠে।
দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় বেনাপোল পৌরসভা ফুটবল একাদশ ও বেনাপোল ইউনিয়ন ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ১-০ গোলে জয় পায় বেনাপোল ইউনিয়ন ফুটবল একাদশ। এ জয়ের মধ্য দিয়ে দলটি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন আব্দুল মজিদ মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল ইউনিয়নের প্রশাসক নাজমুল হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. আজিজুর রহমান খোকন, সহসভাপতি আব্দুর রহিমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, মহিলা নেত্রী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।
বেনাপোল ইউনিয়নের প্রশাসক নাজমুল হাসানের প্রচেষ্টায় ইউনিয়ন ফুটবল একাদশ ফাইনালে ওঠায় স্থানীয় খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উৎসাহ দেখা গেছে।
























