কায়বা সীমান্তে পিকআপভর্তি ভারতীয় সিরাপ জব্দ
- আপডেট সময় : ১১:২৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- / ৪৭ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও একটি পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর কায়বা বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। আটক ব্যক্তি হলেন যশোরের মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামের সৈয়দ মাফুয়ার রহমানের ছেলে সৈয়দ মোস্তাকিন আল মামুন (৩৮)।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ এবং একটি পিকআপ জব্দ করা হয়। একই সঙ্গে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



















