কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স
- আপডেট সময় : ০৮:১৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৬ বার পঠিত

নড়াইলের কালিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় কালিয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং এ-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান, সংগৃহীত তথ্য যাচাই এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশব্যাপী এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংকলন এবং পরবর্তী কার্যক্রমের পরিকল্পনা প্রণয়নে সহায়তা পাওয়ার বিষয়েও আলোচনা করা হয়।
প্রেস কনফারেন্সে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম সরকারি দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সাংবাদিকদের পড়ে শোনান। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নির্ভুলতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা জরুরি। সঠিক তথ্যের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম পরিচালনা করা সহজ হবে। এ সময় কালিয়ার স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
























