বাঘারপাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
- আপডেট সময় : ০৪:০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ২৮ বার পঠিত

যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামীন ইসলাম এবং বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা সভায় কন্যাশিশুর প্রতি সব ধরনের বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সমান সুযোগসম্পন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।



















