কালিয়ার নবগঙ্গা নদীতে অভিযান, কারেন্ট জাল জব্দ
- আপডেট সময় : ০৮:৪৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১৪ বার পঠিত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ৬ হাজার মিটার দৈর্ঘ্যের ৮টি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরিঘাট থেকে পেড়লী পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের নির্দেশনা ও উপস্থিতিতে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় কালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস উপস্থিত ছিলেন।
অভিযান শেষে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের বংশবিস্তার নিশ্চিত করা এবং নদীর মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ এবং মা ইলিশ রক্ষায় নিয়মিত নজরদারি ও আইনানুগ পদক্ষেপের মাধ্যমে সংরক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
মৎস্যসম্পদের সুরক্ষা এবং ইলিশের প্রজনন মৌসুমে নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।























