রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:৪১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / ৪৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর রেলস্টেশনের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার নেজামপুর রেলস্টেশনের প্লাটফর্মের উত্তরে রেললাইনের ৩০৮/২ নম্বর পিলারের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে রহনপুর থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনের এক টিকিট পরীক্ষক (টিটি) রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে খবর পেয়ে নাচোল থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার জানান, নেজামপুর রেলস্টেশনের প্লাটফর্মের অদূরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


























