
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিত্রনায়িকা পরীমণির সঙ্গে বিবাহবহির্ভূত ও অনৈতিক সম্পর্কের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বাক্ষর করেছেন। এখন এটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন শেষে বাধ্যতামূলক অবসরের প্রজ্ঞাপন জারি করা হবে।
ঘটনার সূত্রপাত ২০২১ সালে। ওই বছর ঢাকা বোট ক্লাবকাণ্ডে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন গোলাম সাকলায়েন। পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়িকা পরীমণির ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশিত হলে তাকে ডিবি থেকে প্রত্যাহার করা হয় এবং অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।
তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ২০২৪ সালের জুনে সরকারি কর্মকমিশনের (পিএসসি) মতামত চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি পাঠায়। পিএসসির মতামত পাওয়ার পর তাকে গুরুদণ্ড হিসেবে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে উল্লেখ করা হয়, দায়িত্ব পালনকালে পরীমণির সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কল ডিটেইল রেকর্ড (সিডিআর) ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, তিনি বিভিন্ন সময়ে পরীমণির বাসায় এবং পরীমণি তার সরকারি বাসভবনে অবস্থান করেছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়, একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে সরকারি দায়িত্বের বাইরে এ ধরনের সম্পর্ক স্থাপন, সরকারি বাসভবন ব্যবহার এবং ব্যক্তিগত আচরণের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারায় ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।





















