চৌগাছায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন
- আপডেট সময় : ০১:০১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- / ৪৫ বার পঠিত

যশোরের চৌগাছায় অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।
বুধবার রাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পূজার সব আনুষ্ঠানিকতা। বিসর্জনের পূর্বে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ধুনুচি নাচ, আনন্দ-উচ্ছ্বাস এবং নারীদের ঐতিহ্যবাহী ‘সিঁদুর খেলা’য় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর চৌগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভা এলাকার মণ্ডবে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পাশাপোল ইউনিয়নের রানীয়ালী, সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া,চৌগাছা সদর ইউনিয়নের দিঘলসিঙ্গা ও স্বরুপদাহ ইউনিয়নের মাধবপুর ও পৌরসভার কালিতলা মন্দিরে সবচেয়ে বেশি আলোকসজ্জা করা হয়। উৎসবকে নিরাপদ ও আনন্দময় করে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল।
পূজা সম্পন্ন হওয়া নিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবটি চৌগাছায় অত্যন্ত শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। প্রশাসনের সজাগ দৃষ্টি ও সার্বিক নিরাপত্তার কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

























