ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হলেন যশোরের মুসফিক
- আপডেট সময় : ০৯:৩৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২০ বার পঠিত

জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন যশোরের সন্তান মুসফিক হাসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত হন মুসফিক। এনসিপি গঠনের পর দলটির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সংগঠক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।
মুসফিক ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সকাল ৯টায় কাউন্সিলরদের নিবন্ধনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউন্সিলে জাতীয় ছাত্রশক্তির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন তাহমীদ আল মুদদাসসীর চৌধুরী। কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন হাসিব আল ইসলাম ও ফেরদৌস আইয়াম। শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন জহির রায়হান রিপন।
















