জনবান্ধব বাজেটের প্রশংসায় বাগআঁচড়ায় বিএনপির স্বাগত মিছিল
- আপডেট সময় : ১০:৪৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / ৪৮ বার পঠিত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
রোববার (১৪ জুন) বাজেট উপস্থাপনের পর শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপনের নেতৃত্বে বাগআঁচড়া বাজারে এ মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-সাতক্ষীরা মহাসড়কসহ বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন বলেন, “জনবান্ধব ও জনকল্যাণমুখী বাজেট উপস্থাপনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই। এ বাজেটে সব শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে।”
মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনি, বাগআঁচড়া আফিল উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফ হোসেন গাজী, বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খাইরুল আলম, কায়বা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ মিলনসহ স্থানীয় নেতাকর্মীরা।
পরে নেতাকর্মীরা মিছিলটি শান্তিপূর্ণভাবে শেষ করেন।

























