বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে মাতবে তিন দেশ
- আপডেট সময় : ০৮:৪৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / ৪৯ বার পঠিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল (বৃহস্পতিবার) পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। ইতিহাসের সবচেয়ে বড় পরিসরের এই বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে উত্তর আমেরিকার তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা।
এর আগে যুক্তরাষ্ট্র একবার এবং মেক্সিকো দুইবার বিশ্বকাপ আয়োজন করলেও কানাডার জন্য এটি প্রথম বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা। তিন দেশের ১৬টি ভেন্যুতে ৩৯ দিনব্যাপী চলবে এই মহাযজ্ঞ, যেখানে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।
আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব। আর ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মাধ্যমে শেষ হবে ফুটবলের এই বিশ্বমঞ্চ।
তিন দেশে একসঙ্গে উদ্বোধনী আয়োজন
বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম তিনটি আয়োজক দেশে সমান্তরালভাবে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রতিটি অনুষ্ঠান নিজ নিজ দেশের উদ্বোধনী ম্যাচের ৯০ মিনিট আগে শুরু হবে। যদিও অনুষ্ঠানগুলো আলাদা, তবে সবার মূল প্রতিপাদ্য থাকবে এক—ফুটবলের মাধ্যমে বিশ্বকে একসূত্রে গেঁথে দেওয়া।
উদ্বোধনী অনুষ্ঠানের সৃজনশীল দায়িত্বে রয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের অভিজ্ঞ প্রযোজক মার্কো বালি। আয়োজকদের মতে, প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় বিশ্ববাসীর সামনে তুলে ধরবে।
মেক্সিকো সিটিতে তারকাদের মেলা
মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় আয়োজিত অনুষ্ঠানে দেশটির ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প, লোকসংস্কৃতি ও আধুনিক শিল্পকলার সমন্বয় দেখা যাবে। অনুষ্ঠানে পারফর্ম করবেন শাকিরা, জে বালভিন, মানা এবং লিলা ডাউনসসহ আরও অনেক শিল্পী।
টরন্টোতে সাংস্কৃতিক বৈচিত্র্যের উৎসব
কানাডার টরন্টোতে আয়োজিত অনুষ্ঠানে দেশটির বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হবে। এতে অংশ নেবেন আলানিস মরিসেট, মাইকেল বুবলে, এলেসিয়া কারা, জেসি রেইজস, নোরা ফাতেহি, সঞ্জয়সহ আরও অনেকে।
লস অ্যাঞ্জেলেসে আলো-ঝলমলে আয়োজন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে বিশাল ভিজ্যুয়াল শো ও আধুনিক প্রযুক্তির প্রদর্শনী। মঞ্চ মাতাবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, এলএলএ এবং রেমার মতো জনপ্রিয় শিল্পীরা।
ফুটবলের ঐক্যের বার্তা
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, “বিশ্বকাপের সূচনা এমন একটি মুহূর্ত, যা পুরো বিশ্ব একসঙ্গে উদ্যাপন করে। মেক্সিকো সিটি থেকে শুরু হয়ে টরন্টো ও লস অ্যাঞ্জেলেস পর্যন্ত এই আয়োজন সংগীত, সংস্কৃতি ও ফুটবলের এক অনন্য মিলনমেলা হয়ে উঠবে।”
আয়োজকরা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠে খেলোয়াড়দের ওয়ার্ম-আপ, প্রি-ম্যাচ অনুষ্ঠান এবং আনুষ্ঠানিক কিক-অফ প্রোটোকল সম্পন্ন হবে। মেক্সিকো সিটির অনুষ্ঠান প্রায় ১৬ মিনিট ৩০ সেকেন্ড এবং টরন্টো ও লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠান প্রায় ১৩ মিনিট করে চলবে।
বিশ্বকাপের এই বর্ণাঢ্য সূচনার মধ্য দিয়ে আবারও এক ছাদের নিচে মিলিত হবে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর আবেগ ও উন্মাদনা।






















