জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক গেলেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১২:৩৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
- / ২১ বার পঠিত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।
সফরকালে ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য COP31 সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আগামী ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
এ ছাড়া সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে।
প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরা এবং বৈশ্বিক সহযোগিতা জোরদারের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।





















