
খুলনার ডুমুরিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায়, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ জুন) দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ১৫ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির হাতে এসব হুইলচেয়ার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবিতা সরকার। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনোজ কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন এবং দৈনিক কালবেলার প্রতিনিধি দীপ্তিমান বাপ্পি। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সবিতা সরকার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজেরই অংশ। তাদের চলাচল সহজ করতে এবং মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সুবিধাভোগীরা। তারা জানান, অর্থের অভাবে দীর্ঘদিন চলাফেরায় সমস্যায় ছিলেন তারা। এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করেন তারা।


















