ড্রাইভিং লাইসেন্স নিয়ে চালকদের সতর্ক করলো বিআরটিএ
- আপডেট সময় : ১০:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৫০ বার পঠিত

সড়ক পরিবহন আইন, ২০১৮ কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কর্তন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক ট্রাফিক আইন লঙ্ঘন করলে বা নির্ধারিত অপরাধে জড়িত হলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি তার লাইসেন্স থেকে দোষসূচক (ডিমেরিট) পয়েন্টও কর্তন করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন অমান্যকারী চালকদের বিরুদ্ধে পয়েন্ট কর্তনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কমাতে সব চালককে দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে বিআরটিএ।



















